বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজার নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। তিনি সান্তাহারে বসবাস করতেন এবং বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অফিসের কাজে মোটরসাইকেলে সান্তাহারের বড় আখিড়া এলাকায় যাচ্ছিলেন আলমগীর কবির। বড় আখিড়া রেলগেট পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করা হয়।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

