পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাদক দেশের যুবসমাজ এবং ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সব সদস্যকে অভিনন্দন জানিয়ে আইজিপি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সব পুলিশ সদস্যকে আহ্বান জানান।

