নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটে গরু বিক্রির রশিদে নির্ধারিত ইজারা মূল্য না দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, হাটে নির্ধারিত ইজারা তালিকা টাঙানো নেই এবং মসজিদের নামে চাঁদা তোলা হলেও সেই টাকা মসজিদে জমা দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় যুবক মমিনুরকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বসুনিয়া হাট জামে মসজিদের সহকারী সেক্রেটারি মো. আহেদ আলী বলেন, হাটে মসজিদের নামে নিয়মিত টাকা তোলা হলেও তা মসজিদে দেওয়া হচ্ছে না।
গরু বিক্রেতারা জানান, নির্ধারিত ৬০০ টাকার পরিবর্তে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, কিন্তু রশিদে অতিরিক্ত অর্থ উল্লেখ করা হচ্ছে না।
অভিযোগের বিষয়ে ইজারাদার জাহিরুল ইসলাম বলেন, খরচের কারণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এবং ঈদ উপলক্ষে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ঘটনায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

