কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির পক্ষের মেরাজ মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে।
শুক্রবার রাতে ফেসবুক লাইভকে ঘিরে উত্তেজনার পর পরদিন সকালে বাজার এলাকায় একটি ঘটনার জেরে প্রথমে মারধর হয় এবং পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক পাবেল মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

