সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা–এর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।
জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

