এ বছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, মৌসুমি ব্যবসায়ীরা এই নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারবেন এবং কোনোভাবেই অসাধু দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না।
রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর মিলনায়তনে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে অনেক সময় কোরবানির চামড়া ন্যায্য দাম না পেয়ে নষ্ট হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয়, সে জন্য সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে মাদরাসাগুলো কোনোভাবেই চামড়ার ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত না হয়।
ধর্মমন্ত্রী কোরবানিদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশু জবাইয়ের পর দ্রুত ও সতর্কতার সঙ্গে চামড়া আলাদা করতে হবে, যাতে গুণগত মান বজায় থাকে। চামড়া দীর্ঘ সময় ফেলে রাখলে তার মান নষ্ট হয়ে দাম কমে যায়।
তিনি বলেন, কোরবানির পর দ্রুত চামড়া সংগ্রহ করে নির্ধারিত স্থানে, বিশেষ করে মাদরাসায় পৌঁছে দিতে হবে। এ কাজে ইমাম, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন আরও বলেন, প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের হটলাইনের মাধ্যমে যোগাযোগ করা যাবে এবং সমস্যা হলে তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ. ছালাম খান। উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন আলেম-ওলামারা।

