রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন দেশের ১৪টি অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজভ সাগর অঞ্চলও ছিল। সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাজধানী মস্কোর আশপাশে।
কর্তৃপক্ষ জানায়, মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরদে একজন নিহত হন। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরও ৩০টি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, রাজধানীর উত্তরে খিমকি এলাকায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি ঘটনাটিকে “বৃহৎ আকারের হামলা” হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, ধ্বংসাবশেষে চাপা পড়ে পোঘোরেলকি গ্রামে দুই পুরুষ নিহত হন। পাশাপাশি আরও একজন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাতভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৮০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন এবং ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, একটি হামলায় নির্মাণ শ্রমিকরা আহত হন এবং মস্কোর একটি তেল ও গ্যাস শোধনাগারের কাছে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শোধনাগারের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
এদিকে সম্প্রতি ইউক্রেনে রুশ হামলায় ২০ জনের বেশি নিহত এবং প্রায় ৫০ জন আহত হন বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার জবাবে আরও ড্রোন হামলা চালানো হবে।

