নরওয়ের শীর্ষ দৈনিক আফতেনপোস্তেন-এ প্রকাশিত একটি রাজনৈতিক কার্টুনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কার্টুনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে সাপুড়ে হিসেবে উপস্থাপন করা হয়।
প্রকাশিত চিত্রে মোদিকে সাপের মতো দেখতে জ্বালানি পাম্পের পাইপ হাতে দেখানো হয়। একইসঙ্গে একটি মতামতধর্মী লেখায় তাকে ‘চতুর এবং কিছুটা বিরক্তিকর মানুষ’ বলেও উল্লেখ করা হয়।
কার্টুন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয় ব্যবহারকারী এটিকে বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করেন। তাদের অভিযোগ, এতে ভারতকে পুরোনো “সাপ ও সাপুড়ে” ধরনের স্টেরিওটাইপের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ দীর্ঘদিন ধরে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করে আসছে—এ অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক আরও জোরালো হয়েছে।
এ বিতর্কের পেছনে মোদির নরওয়ে সফরের সময় এক সংবাদ সম্মেলনের ঘটনাও ভূমিকা রেখেছে বলে জানা যায়। ওই সময় এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়াকে কেন্দ্র করে বিষয়টি অনলাইনে ভাইরাল হয়।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আবারও মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্র এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক সামনে এসেছে।
উল্লেখ্য, বৈশ্বিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে শীর্ষ অবস্থানে থাকলেও ভারতের অবস্থান সাম্প্রতিক সূচকে ১৫৪ থেকে ১৫৭-এ নেমে এসেছে—এ বিষয়টিও আলোচনায় এসেছে।

