নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ হয়েছে।
নিহত চালকের নাম মমিনুল মিয়া (৪০)। তিনি সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে দড়িকান্দি এলাকায় ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে শাহিন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে শাহিন মিয়া ও তার সহযোগীরা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ ও অবরোধ করেন। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয় এবং পাশের দড়িকান্দি–বাংলাবাজার সড়কেও যানজট সৃষ্টি হয়।
এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং অল্প অঙ্কের টাকার জন্যও সাধারণ মানুষকে হয়রানি করা হয়।
পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

