টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। পরে প্রশাসনের নির্দেশে নতুন ইট বসিয়ে রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত আসনের ইউপি সদস্য আয়েশা বেগম এবং তার স্বামী ঠিকাদার তোফাজ্জল হোসেন রাস্তার ইট তুলে নিয়ে যান। ওই ইট ব্যবহার করে বাড়িতে পাকা বাথরুম নির্মাণ করা হয় বলে অভিযোগে বলা হয়।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বিষয়টি তদন্ত করে সত্যতা নিশ্চিত করে।
গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬০০ মিটার সড়কের ইট তুলে নেওয়ায় পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগের পর কর্তৃপক্ষ অভিযুক্তদের তিন দিনের মধ্যে রাস্তা পুনরায় সংস্কারের নির্দেশ দেয়। এরপর নতুন ইট এনে পুনরায় সলিং করে সড়কটি চলাচলের উপযোগী করা হয়।
অভিযুক্ত ঠিকাদার তোফাজ্জল হোসেন বলেন, কাজটি ভুল হয়েছে এবং পরে নতুন ইট দিয়ে রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে ইউপি সদস্য আয়েশা বেগম দাবি করেন, বিষয়টি নিয়ে অতিরঞ্জিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে এবং পরে তারা রাস্তা পুনরায় ঠিক করে দিয়েছেন।
মোঃ আরিফুল ইসলাম জানান, ঘটনাটি সত্য এবং সংশ্লিষ্টরা ভুল স্বীকার করে রাস্তা পুনরায় সংস্কার করেছেন। আপাতত এ ঘটনায় আর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

