গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণ শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
গ্রেফতার রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি প্রায় এক মাস আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন এবং মাদ্রাসাতেই অবস্থান করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাদ্রাসার অফিস কক্ষে এক তরুণ শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করছিলেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিউল ইসলামকে হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত সেখানে গিয়ে তাকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

