ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার সাবদারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনটি ট্যাংকার লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়।
এরপর খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টা কাজের পর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

