নোয়াখালীর হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর–চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনের কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করে আসছিল। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে অস্থায়ী বাসা থেকে নিজের গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুবর্ণ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে পেট, হাত ও পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে গুরুতর মনে না হলেও পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার পর তিনি নিজে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন, তবে পরে অভ্যন্তরীণ আঘাতে তার অবস্থার অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতারা তাকে একজন ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

