ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর দক্ষিণপাড়া গ্রামের মো. হেদায়েতউল্লাহর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ তার নানাবাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

