নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে একদল ডাকাত। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ছুটিতে নিজ বাড়ি ধন্দী গ্রামে অবস্থান করছিলেন এসিল্যান্ড সাকিব হাছান খান। রাতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনের সড়কে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে বসেছিলেন তিনি। রাত গভীর হলে ১০ থেকে ১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল সেখানে অতর্কিত হামলা চালায়।
ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে সাকিব হাছান খানসহ মুকুল, রাজিব, রুবেল, ফারুক ও ডালিয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
হামলার কিছু সময় পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক বাসিন্দার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

