কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হয় সে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম প্রেম (১২)। সে কাঁটাবিল এলাকার বাসিন্দা এবং কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিকদের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচি শেষ হওয়ার পর পাশের স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রেম। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার (২৪ জুন) রাতে কাঁটাবিল-সংলগ্ন তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের মহড়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, কাঁটাবিল এলাকার মৃত শাহজাহানের ছেলে অপু (২৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মানববন্ধনের আয়োজন করায় ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

