কন্নড় সিনেমার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’র সাবেক প্রতিযোগী কৃষি থাপান্ডার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন। মৃত যুবকের নাম বৈশাখ। গত এক সপ্তাহ ধরে তিনি অভিনেত্রীর ফ্ল্যাটে ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসায়ী বৈশাখ বিষণ্নতার চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া তিনি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রায় এক মাস ধরে স্ত্রীর সঙ্গে কলহের কারণে আলাদা থাকছিলেন বলেও জানা গেছে।
এর আগে ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ঘিরে একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকিমূলক চিঠির মামলায়ও বৈশাখ পুলিশের নজরদারিতে ছিলেন। গত ফেব্রুয়ারিতে কুরিয়ারের মাধ্যমে রেড্ডির কাছে ৬ থেকে ৭ কোটি টাকা দাবি এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছিল।
পরে তদন্তের অংশ হিসেবে এইচএএল থানার পুলিশ বৈশাখকে গ্রেফতার করে। পুলিশের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে তিনি ওই চিঠি পাঠিয়েছিলেন। যদিও পরে তিনি জামিনে মুক্তি পান।
গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দেন। এর আগে পুলিশ তাকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে বৈশাখের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এরই মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

