ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত বুধবার তারা গোপন তথ্য পায় যে একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চার পুরুষ সদস্য পালিয়ে যান। একই সময় ওই নারীরাও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানের সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশের এসপি অভিষেক সিং বলেন, “আমরা তিন নারীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছেন, মাংসগুলো গরুর ছিল এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে এগুলো এনেছেন। মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা করছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীদের স্বামী ও তাদের এক আত্মীয়কে আটকের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন বলে জানা গেছে।
এ ঘটনায় উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, ওই বাড়ি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া গরুর মাংস কোথা থেকে আনা হয়েছে তা খুঁজে বের করতে আলাদা তদন্ত করা হবে। এছাড়া পরিবারটি এর আগেও গরুর মাংস কিনেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

