বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ।
রোববার (২৮ জুন) রাতে শহরের নাগেরবাজার এলাকার ৭ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগমের (৩৭) স্বামী বেলাল সরদার দীর্ঘদিন ধরে ওই বাসার দুটি ছোট কক্ষের একটিতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়াকে বিভিন্ন সময় মারধর করতেন বেলাল। রোববার সন্ধ্যার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।
নিহতের ভাই রিপন অভিযোগ করে বলেন, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগে রাজিয়ার কাছে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপও দিয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে জুয়া না খেলতে বারবার বলা হলেও সে তা শোনেনি।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বেলাল তার বন্ধু। আগে তিনি রুটির দোকানে কাজ করতেন। পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

