ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে খাদেম মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৯ জুন) রাতে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদেম মোল্লা ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়ার কাছে ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিক পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা ছিলেন।
রোববার সন্ধ্যায় মোশাররফ মিয়া পাওনা টাকা চাইতে গেলে আলাল ও আশিক তাকে জানান, খাদিম মিয়া টাকা দিতে নিষেধ করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় টর্চলাইটের আলো ব্যবহার করে হামলা চালানো হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে খাদেম মোল্লা নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

