এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ৫ আগস্টের আন্দোলনে এসব শিক্ষার্থী রাস্তায় নেমেছিল বলেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।” তিনি দাবি করেন, শিক্ষার্থীরা মাঠে না নামলে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সাত দিন ধরে মানুষ পানিবন্দি থাকলেও দুর্গতদের কাছে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বন্যাকবলিত মানুষের জন্য সরকারের বরাদ্দ মাথাপিছু ৩০ টাকারও কম। অথচ পার্বত্য চট্টগ্রাম থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়েছে বলে দাবি করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বন্যার মতো সংকটের সময়ে পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের মানুষের পাশে যাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি সরকারের কাছে হাসিনার প্রশাসন, কেবিনেট ও ব্যবসায়ীরা ভালো লাগে, শুধু শেখ হাসিনা ভালো লাগে না।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। তার মতে, সংবিধান সংস্কারের বিষয় না থাকলে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যায়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করছে না। দেশের মানুষ সংবিধান সংস্কারের পক্ষে মত দিলেও সেই রায় মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতারা।
এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি মোগড়াপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

