গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় ছায়েদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তার ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত তার স্ত্রী নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। ছায়েদুল ও নাসিমা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছায়েদুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। র্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছায়েদুল তাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ঘটনার সময় ঘর থেকে চিৎকার ও শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা নাসিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দুই সন্তানের সামনেই তাকে আঘাত করা হয় বলে জানায় সংস্থাটি। ঘটনার পর ছায়েদুল পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. মাসুম বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে ছায়েদুলকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, অভিযানে ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

