শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে।”
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ কে এম ফজলুল হক মিলন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষার পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করা জরুরি। শুধু নতুন ভবন নির্মাণ করলেই শিক্ষার মান উন্নত হবে না। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। একটি ছোট্ট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখলে চলবে না। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। এতে তারা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।
স্থানীয় কর্মসংস্থানের বিষয়ে সংসদ সদস্য বলেন, কালীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। স্থানীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত করা গেলে এলাকার বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আলমগীর হোসেন স্বপন ও ইব্রাহিম প্রধান।
এ সময় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কে এম ফজলুল হক মিলনের দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি পর্যায়ক্রমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরে উপজেলার বক্তারপুরের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
গাজীপুর প্রতিনিধি

