কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের আশুরা খাতুন (৪০), তাহমিনা (৩০), রাজা মিয়া (৫৯), মজুন মিয়া (৫৫), সামছু মিয়া (৪৫), আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আনারুল হক (৩৫), নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক আবুল হাশেম, আব্দুস সবুর, আশুরা ও মজনু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই জমিতে ইসরাফিলের পক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিল। এ সময় রাজা মিয়ার পক্ষের লোকজন জমিতে প্রবেশ করে হালচাষে বাধা দেয়। এতে উভয়েপক্ষের বাগবিতণ্ডতা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামের ইসরাফিল হকের সঙ্গে একই গ্রামের রাজা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৪০ বছর ধরে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল তাদের। এ নিয়ে উভয়পক্ষের কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। আদালত ও থানায় পালটাপালটি কয়েকটি মামলা রয়েছে দুপক্ষের।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম জানান, নারী ও পুরুষসহ আটজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

