সপ্তাহ না পেরোতেই আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে সাগরে ৪.২ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়। উপকূল থেকে বেশ দূরে উৎপত্তিস্থল হওয়ায় সাধারণ মানুষ তা টের পাননি।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি–র তথ্য উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, কম্পনের কেন্দ্র ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, আর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
গত এক সপ্তাহে দেশে বারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি কম্পন হয়। এছাড়া ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক সংস্থা ইএমএসসি তাদের তথ্যে জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল ৪.৯, এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
টানা কয়েক দিনের ভূমিকম্পের পরও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, মিয়ানমারের উৎসস্থল হওয়া কম্পনে কয়েক সেকেন্ড হালকা কাঁপুনি অনুভূত হয়। তবে বঙ্গোপসাগরের সাম্প্রতিক ভূমিকম্পটি উপকূলে কেউ অনুভব করতে পারেননি।

