পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটে উত্তরপশ্চিম কাশ্মির অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
গিলগিট-বালতিস্তান অঞ্চলের তথ্যমন্ত্রী গুলাম আব্বাস জানান, ভূমিকম্পের সময় পাহাড় থেকে পাথর ধসে পড়ে একজন নিহত হন। পাহাড়ি এলাকায় বহু কাঁচা ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে কয়েকটি সড়ক ও চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, রাজধানী ইসলামাবাদসহ পেশাওয়ার, সোয়াত, মার্দান ও গিলগিট-বালতিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
এদিকে, এই ভূমিকম্প পাকিস্তানের পাশাপাশি চীন, আফগানিস্তান ও তাজিকিস্তানেও অনুভূত হয়েছে। তবে এসব দেশে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: সিনহুয়া, ইউএসজিএস।

