সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াব। আগামীকাল শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। তবে খেলায় ফেরার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে কোয়াব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের চলমান সংকট নিয়ে ক্রিকেটারদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় ক্রিকেটাররা উপলব্ধি করেছেন, নারী জাতীয় দল বর্তমানে নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে, পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর অনূর্ধ্ব-১৯ দল রয়েছে যুব বিশ্বকাপে। সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে এই দলগুলোর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
কোয়াব আরও জানায়, বিপিএলকেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নিজেদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে ক্রিকেটাররা।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে। সে সময়টুকু দিতে রাজি ক্রিকেটাররা, তবে সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
পাশাপাশি কোয়াব জানায়, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন, তার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন-এমন প্রত্যাশা রয়েছে সংগঠনটির।
কোয়াব জানায়, বিসিবিকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে ক্রিকেটাররা আগামীকাল শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।

