শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আগামীকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির পরিবার রাষ্ট্রের কাছে কোনো আর্থিক সহায়তা চায় না, তবে নাগরিক হিসেবে তার স্ত্রী ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যদি রাষ্ট্রের কোনো অংশ কিংবা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থেকে থাকে, তবে সেই বিচার এই বাংলাদেশেই হতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
তিনি আরও বলেন, নামমাত্র তদন্ত বা দায়সারা অভিযোগপত্র দিয়ে এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে ইনকিলাব মঞ্চ তা মেনে নেবে না। রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান জানাতে হবে— তারা এই হত্যার বিচার করবে কি না।
সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। বলেন, একাধিক রাজনৈতিক দল সহানুভূতি জানালেও কার্যকর কোনো ভূমিকা নেয়নি। একটি বড় রাজনৈতিক দলের দ্বিচারিতাও প্রত্যাখ্যান করেন তিনি।
তিনি জানান, আদালত হাদি হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি মঞ্জুর করে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব রাষ্ট্র চাইলে সিআইডি, ডিবি বা এনএসআইকে দিতে পারে। প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

