জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি সার্বিক বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা ঘোষণা করার কথা ছিল ১১ দলের। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ না নেওয়ায় এটি ১০ দলীয় জোটে পরিণত হবে।
সার্বিক বিষয়ে অবস্থান জানাতে আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে নির্বাচনী সমঝোতা বিষয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, আসন ভাগাভাগির বিষয় চূড়ান্ত হয়েছে। প্রতিটি দল কত আসনে জোট প্রার্থী হিসেবে অংশ নেবে, তা নির্ধারণ করা হয়েছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

