স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হামের টিকা দেওয়া হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপরই হামের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। ফলে বর্তমানে হামের পরিস্থিতি দেখা দিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন ছিল না, তবে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।
এর আগে সকাল ১০টায় আকস্মিকভাবে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি টিকিট কাউন্টার, চিকিৎসকদের হাজিরা খাতা এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় টিকিট কাউন্টারে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি। পরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

