চট্টগ্রামে গর্ভধারিণী মাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেছে ছেলে। শুধু তাই নয়; ছেলে ও ছেলের স্ত্রী মিলে তাকে শ্বাসরোধে হত্যারও চেষ্টা করে। আহত ষাটোর্ধ জাহানারা বেগমের মাথায় ১৭টি সেলাই করতে হয়েছে।
গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে মামলার আবেদন করেন।
মামলায় আসামি করা হয়েছে তার ছেলে মো. ফারুক ও ছেলের স্ত্রী সুমাইয়া আক্তার সুমিকে। আদালত মামলার আবেদনটি গ্রহণ করে কর্ণফুলী থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- ৭ ডিসেম্বর নগরের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় বৃদ্ধ জাহানারা বেগমকে মারধর করেন তার ছেলে ফারুক ও পুত্রবধূ সুমাইয়া। একপর্যায়ে ছেলে ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা তার মাথায় ও কপালে ১৭টি সেলাই করেন।
বাদীপক্ষের আইনজীবী আমিনুল আহসান যুগান্তরকে বলেন, মাকে মেরে গুরুতর আহত করার অভিযোগে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

