ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নারী ও কিশোরীদের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, ইরানের মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব কথা বলেন মালালা। তিনি বলেন, অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভকে নারীদের ওপর দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ থেকে আলাদা করে দেখা যায় না।
ইরানের নারীদের পরিস্থিতি তুলে ধরে মালালা বলেন, এই আন্দোলনে শিক্ষা ও সামাজিক জীবনে নারীদের স্বাধীনতার ওপর আরোপিত নিয়ন্ত্রণের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, দশকের পর দশক ধরে ইরানের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের অংশ, যা বিচ্ছিন্নকরণ, নজরদারি ও শাস্তির মাধ্যমে কার্যকর করা হচ্ছে।
ইরানের নারীদের নেতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করে মালালা বলেন, ইরানের নারীরা চান তাদের কথা শোনা হোক এবং তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পাক। বাইরের কোনো শক্তি বা দমনমূলক শাসক নয়, বরং ইরানের নারীদের নেতৃত্বেই সেই ভবিষ্যৎ গড়ে উঠতে হবে।
পোস্টের শেষে মালালা বলেন, তিনি ইরানের জনগণ ও নারীদের স্বাধীনতা ও মর্যাদার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং তাদের পাশে রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত বিক্ষোভে ৬৪৬ জনের মৃত্যুর তথ্য তারা পেয়েছে। নিহতদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাতজন সাধারণ মানুষ রয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

