আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট পাওয়া যাবে।
এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত আগের পরিকল্পনা অনুযায়ী অনুমোদিত হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, তবে তা নির্দিষ্ট শ্রেণির কোচে ব্যবহার করা যাবে না।
ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল ট্রেন এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল ট্রেন। এসব ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের কয়েক দিন চলবে।
এছাড়া ঈদের আগে ও পরে কয়েক দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর স্পেশাল ট্রেন চলাচল করবে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন বিশেষ ট্রেন ও পশুবাহী ট্রেনও চালাবে। কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে চলবে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন, যা বিভিন্ন স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রীসেবাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

