পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, ওই দিন মুসলিম দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হবে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ, চাঁদ দেখার ভিত্তিতে।

