সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে স্মরণ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সংকটময় সময়ে অনেক রাজনৈতিক নেতা বিদেশে চলে গেলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি।
তিনি বলেন, “খালেদা জিয়া বলেছিলেন— বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। আমরাও খালেদা জিয়ার সৈনিক। তাই এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।”
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “এই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।”
বক্তব্যের শুরুতে তিনি বলেন, নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন সিলেটের মাটি থেকে। সেই সময় চা বাগানের নারী শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি বলেন, “আজ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমি আমার কথা রাখতে পেরেছি। চা বাগানের নারী শ্রমিকদের হাতে আজ ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি।”
আগামী এক বছরের মধ্যে প্রায় সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী না করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি চা বাগানের নারী শ্রমিকদের ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তিনজনের হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।
শেষে সবাইকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”
বক্তব্য শেষে তিনি সেখানে জাম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন ফারজানা শারমীন, ফয়জুল করিম নয়ন, মজিবুর রহমান চৌধুরী এবং কামাল উদ্দিন বিশ্বাস।
উল্লেখ্য, প্রায় ২০ বছরের বেশি সময় পর শ্রীমঙ্গল সফরে গেলেন তারেক রহমান।

