বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে এনসিপি সুস্পষ্ট অবস্থান নিয়ে এগোবে। এ সময় আসিফ মাহমুদের নতুন রাজনৈতিক ভূমিকা নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।
রিপোর্টঃ জেড.এস

