ফরিদপুর-রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফরিদপুর সদর থানা ও রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলসুম নামের এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। পরে দুর্গন্ধ পেয়ে তিনি কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আশপাশ এলাকার বাসিন্দা হতে পারেন।
নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এছাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

