পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ বাড়ির দোতলা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরেন রাই। পরে বাড়ির দোতলায় ছোট ভাইকে পড়াতে বসেন। প্রায় আধঘণ্টা পড়ানোর পর ছোট ভাইকে নিচে পাঠিয়ে দেন তিনি। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা শিল্পী কর্মকার দোতলায় গিয়ে দেখেন, রাই ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে।
মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন সিকদার জানান, আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

