বগুড়ায় কাপড়ের রঙ, গোখাদ্য ও ধানের তুষ ব্যবহার করে হলুদ এবং মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে। এ খবরে অভিযান চালিয়ে মিল মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাজাবাজারে আল-আমিন মসলা মিলকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মিলটিতে হলুদ ও মরিচের গুঁডা তৈরিতে কাপড়ের রঙ ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে ধানের তুষ (রাইস ব্র্যান) ব্যবহার করে মসলা বাজারজাতের প্রস্তুতি চলছিল। এসব অপরাধের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ধারা ৩৩ অনুযায়ী মিল মালিককে তিন লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযানে জব্দ করা ৭৫ কেজি তুষ, ১৫০ কেজি ভেজাল মরিচ গুঁড়া ও ১৫০ কেজি ভেজাল হলুদ ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপস্থিত নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, জব্দের পর ধ্বংস করা ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। তারা রান্নার কাজে অতি প্রয়োজনীয় হলুদ ও মরিচ গুঁড়ায় কাপড়ের রঙ, গোখাদ্য ও ধানের তুষ ব্যবহার করছিল। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

