গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন-এর বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করেন।
একপর্যায়ে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে আরও দুজন মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

