নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে একটি ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি দেখা যায়। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’ এবং ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’— এমন স্লোগান শোনা যায়।
স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় এ ধরনের প্রকাশ্য কর্মসূচি এই প্রথম দেখা গেল, যেখানে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
তবে মিছিলটি ঠিক কবে এবং কোথায় হয়েছে—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা এলাকার কোনো স্থানে এটি হতে পারে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তবে দাউদকান্দি এলাকায় এমন কোনো ঝটিকা মিছিল হয়নি এবং স্থানীয়ভাবে কেউ এ ধরনের ঘটনা প্রত্যক্ষ করেনি বলে তিনি জানান।

