গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎ কান্তি রায় উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। ঋণের বোঝা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিজের বাবা-মায়ের সমাধির পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে স্থানীয়রা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

