চট্টগ্রামের ডিসি হিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) সকালে নগরের ডিসি হিল এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিল ও পথসভা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই মিছিলটি ডিসি হিল এলাকা থেকে শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং একটি ব্যানার হাতে নিয়ে কিছুটা পথ অগ্রসর হন। পরে সড়কের পাশে দাঁড়িয়ে তারা সংক্ষিপ্ত পথসভাও করেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

