চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চারজন বিভিন্ন উপজেলার এবং বাকি ৭০ জন নগরীর বাসিন্দা। রোববার (১০ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
একই দিনে সুস্থ হয়ে নগরীর ৭৩ জন এবং উপজেলার পাঁচজনসহ মোট ৭৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪৭ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ঢাকায় নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় নতুন করে নিশ্চিত হামের কোনো তথ্য এদিন জানানো যায়নি।
সূত্র অনুযায়ী, চট্টগ্রাম নগরী ও উপজেলায় এখন পর্যন্ত ১১৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৭১ জন এবং উপজেলায় ৪৪ জন শিশু রয়েছে।
এছাড়া আরও ৩৫ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪২ জন নগরীর এবং ১৫৮ জন উপজেলার।
এর আগে শনিবার একদিনে ১১ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয় এবং ৬০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ৯৭৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

