চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহতের পরিবারের অভিযোগ- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেছেন, ওই হাজতি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।
আবুল কালাম চট্টগ্রামের এক্সেস রোডের ব্রাশ ফায়ারে ডাবল মার্ডার মামলার আসামি। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার লায়েছ মিয়ার পুত্র।
কারা কর্তৃপক্ষ জানায়, আবুল কালাম রোববার রাতে বুকে ব্যথা অনুভব করে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাতেই তাকে কারা হাসপাতাল ভর্তি করানো হয়। পরে কারা হাসপাতালের একজন সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কালামের পরিবারের অভিযোগ- কালামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এরপর পরিকল্পিতভাবে বাদীপক্ষের সঙ্গে যোগসাজশ করে কারাগারের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে।
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলিতে ২ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আবুল কালাম ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ৮ সেপ্টেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন যুগান্তরকে জানান, আবুল কালাম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বিধিমোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

