কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে পড়ে ঈমান মিয়া (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ঈমান মিয়া নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে কালনী নদীতে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে ঝড় শুরু হয়। এতে নৌকায় পানি ঢুকতে থাকে।
একপর্যায়ে নৌকার পানি সেচে ফেলার কাজে ব্যবহৃত সেঁউতি নদীতে পড়ে যায়। সেটি তুলতে গেলে ঈমান মিয়া নিজেও নদীতে পড়ে নিখোঁজ হন।
স্থানীয় শিক্ষক মো. সারোয়ার হোসেন বলেন, ঝড়ের কারণে নদীতে তখন ঢেউও ছিল। ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে খোঁজার চেষ্টা করেন, তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝড়ের সময় নৌকা থেকে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ চালাতে পারেননি। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে; তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।

