টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ বোঝাই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং একজন আহত হন।
নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। আহত ব্যক্তি বাঁশ বোঝাই ট্রাকে অবস্থান করছিলেন।
নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)।
আহত ব্যক্তি হলেন ঘাটাইল উপজেলার লক্ষীন্দর এলাকার আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।
স্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

