এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউএনও রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। এর ফলে এখন প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারছেন।
তিনি আরও বলেন, এই ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই সেবা গ্রহণ করতে পারবেন এবং অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা ব্যবহারে আরও উৎসাহিত হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
মেলায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। এসব স্টলে পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ এবং খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ নানা সেবা দেওয়া হবে।
মেলা সফল করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগণকে সেবা ও তথ্য দেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সারা দেশের মতো চরফ্যাশনেও ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবার প্রতি মানুষের আস্থা বাড়াবে।

