চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন বাসচালক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ঘটনাস্থলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

