কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে আদর দাশ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে দুই সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে, যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চোরাবালিতে আটকে একজন স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

